শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়ালেখায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বহুমুখী দক্ষতায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের যোগ্য করে তুলতে হবে। দ্বাদশ শ্রেণি শেষ করার সময় একজন শিক্ষার্থী যেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠতে পারে, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ তৈরি এবং খেলার মাঠের ব্যবস্থা করতে সরকার উদ্যোগ নিচ্ছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণেও গুরুত্ব দিচ্ছে সরকার।
শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।
সাক্ষাৎকালে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে তাঁকে নিজ জেলা হবিগঞ্জ সফরের আমন্ত্রণ জানান।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক