মাদ্রাসা শিক্ষকদের নতুন পে স্কেল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৪ বিকাল
  • ৫২৯৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ অর্থ বরাদ্দ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে অধিদপ্তর।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ শাহাদাত হোসাইন স্বাক্ষরিত ১১ নভেম্বরের এক চিঠিতে এ বরাদ্দ চাওয়া হয়।

চিঠি অনুযায়ী, জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুসারে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ২০২৬-২৭ অর্থবছরে মোট ৯ হাজার ৭১৬ কোটি ৫৬ লাখ ১১ হাজার টাকা প্রয়োজন হবে। অথচ ওই অর্থবছরের পরিচালন বাজেটে বেসরকারি মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭ হাজার ৭৮৩ কোটি ৬ লাখ ১১ হাজার টাকা। ফলে প্রয়োজনীয় অর্থের তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা।

বেতন-ভাতা বাড়লে প্রয়োজন অতিরিক্ত অর্থ

বর্তমানে বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন বেতন স্কেল কার্যকর হলে বর্ধিত হারে বেতন-ভাতা পরিশোধের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বেসরকারি মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ও ইবতেদায়ি প্রধান নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। নতুন শিক্ষক-কর্মচারী নিয়োগ ও এমপিওভুক্তির পাশাপাশি শিক্ষকদের পদোন্নতি, উচ্চতর স্কেল, বিএড স্কেল এবং বকেয়া পাওনাও নিয়মিত পরিশোধ করা হচ্ছে।

অধিদপ্তরের মতে, এসব কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা জরুরি।

এ অবস্থায় ২০২৬-২৭ অর্থবছরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিশেষ কার্যক্রম ‘বেসরকারি মাদ্রাসাসমূহের জন্য মঞ্জুরী’ খাতে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তথ্যসূত্র: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১১ নভেম্বরের বরাদ্দ চেয়ে পাঠানো চিঠি ৭ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad