আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় ৪১টি পৌরসভায় মেয়র, ৫৮টি উপজেলায় চেয়ারম্যান এবং একটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষারসহ দলের নেতারা।
দলীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার নির্বাচনে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করছে এনসিপি। এর আগে গত ১০ মে প্রথম দফায় ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি। দ্বিতীয় দফায় আরও ১০০ জনের নাম ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে দলটির প্রার্থী বাছাই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, দুই দফায় এখন পর্যন্ত মোট ২০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। তবে এসব প্রার্থীর নির্বাচনী এলাকা ও বিস্তারিত পরিচয় সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

প্রথম দর্পণ,ডেস্ক