ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত বহাল, নতুন নির্দেশনা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ দুপুর
  • ১২০০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
৩০ নভেম্বরের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব পাঠানোর নির্দেশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে এ সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের জারি করা কমিটি বাতিলের আদেশ কার্যকর থাকছে।

বুধবার (১১ নভেম্বর) এ বিষয়ে শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদরাসাকে নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এক পত্রের মাধ্যমে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটি বাতিলের নির্দেশনা জারি করে।

বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর ১৫৩২১/২০২৬ দায়ের করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের কমিটি বাতিলের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে সিএমপি নম্বর ১০৩৭/২০২৬ দায়ের করা হয়। বুধবার শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। এতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ১৯ অক্টোবরের নির্দেশনা পুনরায় কার্যকর থাকে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, অধিভুক্ত প্রতিটি ফাজিল ও কামিল মাদরাসাকে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব পাঠাতে হবে। এ ক্ষেত্রে প্রস্তাব পাঠানোর শেষ সময় আগামী ৩০ নভেম্বর।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad