স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে সীমান্তবর্তী নাগর নদীর ওপারে বাঘ দুটি দেখতে পান স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন। এ সময় তিনি মুঠোফোনে বাঘ দুটির ছবি ধারণ করেন। পরে বাঘ দুটি সীমান্তসংলগ্ন একটি চা-বাগানের ভেতরে চলে যায়।
নাগর নদী ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী হওয়ায় বাঘ দুটি নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে চা-বাগানের ঘন ঝোপঝাড়ে বাঘগুলোর অবস্থান শনাক্ত করা কঠিন হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাঘের উপস্থিতির খবরে সীমান্তবর্তী এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গবাদিপশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি কৃষকেরা ফসলের মাঠে যেতেও ভয় পাচ্ছেন। বাঘ দুটি লোকালয়ে চলে এলে মানুষ ও গবাদিপশুর জন্য ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
এদিকে ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
তবে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাঘ দুটি ভারতের সীমান্তবর্তী এলাকায়, অর্থাৎ বাংলাদেশ সীমান্তের ওপারে অবস্থান করছে। তাই এ নিয়ে বড় ধরনের আতঙ্কের কারণ নেই। তারপরও সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় বন্যপ্রাণীর এমন উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী।
তথ্যসূত্র:, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও; স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এবং ঠাকুরগাঁও ৫০ বিজিবির দেওয়া তথ্য।

প্রথম দর্পণ,ডেস্ক