ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত বহাল, নতুন নির্দেশনা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৬ সময়
৩০ নভেম্বরের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব পাঠানোর নির্দেশইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে এ সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের জারি করা কমিটি বাতিলের আদেশ কার্যকর থাকছে।বুধবার (১১ নভেম্বর) এ বিষয়ে শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদরাসাকে নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এক পত্রের মাধ্যমে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটি বাতিলের নির্দেশনা জারি করে।বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর ১৫৩২১/২০২৬ দায়ের করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের কমিটি বাতিলের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন।পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে সিএমপি নম্বর ১০৩৭/২০২৬ দায়ের করা হয়। বুধবার শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। এতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ১৯ অক্টোবরের নির্দেশনা পুনরায় কার্যকর থাকে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, অধিভুক্ত প্রতিটি ফাজিল ও কামিল মাদরাসাকে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব পাঠাতে হবে। এ ক্ষেত্রে প্রস্তাব পাঠানোর শেষ সময় আগামী ৩০ নভেম্বর।