রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে ককটেল, মাদকদ্রব্য, জাল নোট ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৬০ জন, ওয়ারীতে ৪৮ জন, মতিঝিলে ৫২ জন, তেজগাঁওয়ে ৯১ জন, মিরপুরে ১৪৭ জন, গুলশানে ৫০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, স্পেশাল রিজার্ভ ইউনিটে (এসআরইউ) একজন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) চারজন রয়েছেন।
অভিযানকালে পুলিশ তিনটি ককটেল ও বিস্ফোরিত ককটেলের তিনটি অংশবিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, এক হাজার টাকার ৯২৫টি জাল নোট এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

প্রথম দর্পণ,ডেস্ক