১৩ নভেম্বর বিশ্ব দয়া দিবস। দয়া, সহমর্মিতা ও মানবিকতা—মানুষের শ্রেষ্ঠ গুণগুলোর মধ্যে অন্যতম। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, বিপদে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই প্রকৃত মানবিকতার পরিচয় পাওয়া যায়।
আজ ১৩ নভেম্বর বিশ্ব দয়া দিবস। বিশ্বজুড়ে দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে দয়া, সহানুভূতি ও সহযোগিতার মনোভাব ছড়িয়ে দেওয়া।
বর্তমান সমাজে মানুষের ব্যস্ততা, স্বার্থপরতা, হিংসা-বিদ্বেষ ও অসহিষ্ণুতা ক্রমেই বাড়ছে। অনেক সময় সামান্য সহানুভূতির অভাবে মানুষ মানুষের পাশে দাঁড়াতে দ্বিধা করে। অথচ একটি ভালো কথা, একটু সহযোগিতা কিংবা বিপদে বাড়িয়ে দেওয়া একটি হাত কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
দয়া মানে শুধু অর্থ দিয়ে সাহায্য করা নয়। পথের অসহায় মানুষটির খোঁজ নেওয়া, বৃদ্ধ বাবা-মায়ের যত্ন নেওয়া, প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া কিংবা কারও দুঃখ মন দিয়ে শোনাও দয়ারই অংশ।
আমাদের মনে রাখতে হবে, মানবিক সমাজ প্রতিষ্ঠা শুধু রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। প্রত্যেক মানুষের ব্যক্তিগত আচরণ ও দায়িত্ববোধের মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে ওঠে।
বিশ্ব দয়া দিবসে আমাদের অঙ্গীকার হোক—কাউকে অবহেলা নয়, ঘৃণা নয়, বিদ্বেষ নয়; বরং ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার চর্চা।
দয়ার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে। গড়ে উঠুক বৈষম্যহীন, সহনশীল ও মানবিক পৃথিবী।

মোঃ জাকির হোসাইন,সম্পাদক