পুলিশের স্পর্শকাতর তথ্য ফাঁসের অভিযোগ, নজরদারিতে এসপি জাহাঙ্গীরের দুই ফোন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ বিকাল
  • ১৩৪৩১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আ.লীগের পলাতক মন্ত্রীর সঙ্গে যোগাযোগের অভিযোগ তদন্তে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন

পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য আওয়ামী লীগের পলাতক এক মন্ত্রী এবং দলটির নেতাকর্মীদের কাছে সরবরাহের অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। অভিযোগ তদন্তে তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পাশাপাশি দুই গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্য দিয়ে তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রাথমিক অনুসন্ধানে আওয়ামী লীগের পলাতক এক মন্ত্রীর কাছে পুলিশের তথ্য সরবরাহের বিষয়টি সামনে এসেছে। ওই মন্ত্রীর সঙ্গে জাহাঙ্গীর আলমের যোগাযোগের ধরন, তথ্য আদান-প্রদানের মাধ্যম এবং পুলিশের কোনো স্পর্শকাতর তথ্য বাইরে গেছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রীর নাম প্রকাশ করা হয়নি। অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ।

অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম দাবি করেছেন, তাঁর মুঠোফোন হ্যাক হয়েছে। এ ঘটনায় গত বুধবার নগরের খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ সূত্র জানায়, সম্প্রতি রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর কাছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি বার্তা আসে। এতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ করা হয়। বিষয়টি যাচাইয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয় রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে।

দুই ফোনের তথ্য বিশ্লেষণ করছে তদন্তকারীরা

তদন্তের অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে জাহাঙ্গীর আলমের ওপর নজরদারি শুরু হয়। এ জন্য দুই ডিবি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। তাঁর গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি ওই দিনই ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন দুটি জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফোন দুটির তথ্য বিশ্লেষণ করে জাহাঙ্গীর আলমের যোগাযোগের পরিধি, কার সঙ্গে কখন যোগাযোগ হয়েছে এবং অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য-উপাত্ত রয়েছে কি না, তা যাচাই করা হবে। বিশেষ করে আওয়ামী লীগের পলাতক ওই মন্ত্রীর সঙ্গে তাঁর যোগাযোগের কোনো প্রমাণ পাওয়া যায় কি না, সেটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অভ্যন্তরীণ কিংবা অভিযানসংক্রান্ত স্পর্শকাতর তথ্য বাইরে সরবরাহ করা হয়েছিল কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।

অন্যদিকে জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম। তাঁর দাবি, মুঠোফোন হ্যাক হয়েছে। এ বিষয়ে গত বুধবার খুলশী থানায় জিডি করেন তিনি। তবে জিডিতে কী ধরনের হ্যাকিংয়ের অভিযোগ করা হয়েছে, কখন থেকে বিষয়টি বুঝতে পেরেছেন কিংবা কারও বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জিডির বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘অনেক তো জিডি হয়। খুঁজতে হবে। আমি বাইরে, থানায় গেলে খুঁজে বলতে পারব।’

সংশ্লিষ্টতা পেলে বিভাগীয় ব্যবস্থা

চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার আমরা তাঁকে দুজন ডিবি সদস্য দিয়ে নজরদারিতে রাখি। ওই দিন তাঁর দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এতে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত দুই ডিবি সদস্য তাঁকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘তদন্তের আগে আমি কিছু বলতে চাচ্ছি না।’

মোহাম্মদ জাহাঙ্গীর আলম বর্তমানে চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন।

এর আগে তাঁকে আটক বা গ্রেপ্তারের খবর পুলিশ সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়লেও রেঞ্জ ডিআইজি জানিয়েছিলেন, তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। অভিযোগের তদন্তের স্বার্থে তাঁর দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

তথ্যসূত্র: দৈনিক আমার দেশ, জমির উদ্দিন, চট্টগ্রাম; প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad