ভারতের ২০১১ ও ২০১২ সালের আলোচিত দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কোনো যোগসূত্র ছিল না বলে দাবি করেছেন আন্দোলনের অন্যতম নেতা আন্না হাজারে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নতুন স্মৃতিকথায় ওই আন্দোলনের পেছনে বিজেপি ও আরএসএসের গোপন সমর্থনের যে অভিযোগ তোলা হয়েছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) সোনিয়া গান্ধীর বক্তব্যের প্রতিক্রিয়ায় আন্না হাজারে বলেন, বিজেপি কিংবা আরএসএসের সঙ্গে তার কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক ছিল না। সমাজ ও দেশের কল্যাণই সব সময় তার কাছে প্রধান বিবেচ্য ছিল। তিনি কখনো কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করেননি বলেও জানান।
সোনিয়া গান্ধীর নতুন স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ ২০১১ ও ২০১২ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে দাবি করা হয়, তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোটের (ইউপিএ) সরকারকে দুর্বল ও ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে আন্দোলনটিতে আড়াল থেকে সমর্থন দিয়েছিল বিজেপি ও আরএসএস।
স্মৃতিকথায় সোনিয়ার এমন মন্তব্য প্রকাশের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ইউপিএ সরকারের পরাজয়ের পেছনে আন্না হাজারের নেতৃত্বাধীন আন্দোলনের ভূমিকা কতটা ছিল, তা নিয়ে আবারও আলোচনা সামনে এসেছে।
তবে আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসা কিংবা ক্ষমতা হারানোর সম্পর্ক ছিল—এমন ধারণা নাকচ করেছেন আন্না হাজারে। তার ভাষ্য, দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং দেশের মানুষের স্বার্থ রক্ষা করাই ছিল আন্দোলনের মূল উদ্দেশ্য। কোনো দলকে ক্ষমতায় আনা বা ক্ষমতা থেকে সরানো তার লক্ষ্য ছিল না।
সোনিয়ার সঙ্গে কখনো দেখাও হয়নি
সোনিয়া গান্ধীর সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের বিষয়টি উল্লেখ করে আন্না হাজারে বলেন, তার সঙ্গে সোনিয়া গান্ধীর কখনো দেখাই হয়নি। অথচ তাকে ঘিরে এ ধরনের মন্তব্য করা হচ্ছে। কারও সম্পর্কে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার আগে যথেষ্ট দায়িত্বশীল হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আন্না হাজারের মতে, অস্পষ্ট ও ভিত্তিহীন মন্তব্য একজন ব্যক্তির বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে। বিশেষ করে জনজীবনে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তিদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া প্রয়োজন।
যেভাবে আলোচনায় আসে আন্দোলন
২০১১ সালে দিল্লির রামলীলা ময়দানসহ ভারতের বিভিন্ন স্থানে আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ব্যাপক সাড়া ফেলে। দুর্নীতি দমনে শক্তিশালী লোকপাল ব্যবস্থা গঠনের দাবিতে শুরু হওয়া এ আন্দোলনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
একপর্যায়ে আন্দোলনটি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের ওপর বড় ধরনের রাজনৈতিক চাপ তৈরি করে। পরবর্তী সময়ে ভারতের রাজনীতিতেও আন্দোলনটির প্রভাব নিয়ে নানা আলোচনা হয়।
সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় আন্দোলনের পেছনে বিজেপি ও আরএসএসের ভূমিকার অভিযোগ ওঠায় পুরোনো বিতর্ক আবারও সামনে এসেছে। তবে আন্না হাজারে তার অবস্থানে অনড় থেকে দাবি করেছেন, আন্দোলনটি ছিল সম্পূর্ণ দুর্নীতিবিরোধী; এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের স্বার্থ কিংবা ক্ষমতার পালাবদলের সম্পর্ক ছিল না।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক