সৌদি আরবে সেনা মোতায়েনের প্রস্তুতি তুরস্কের, অনুমোদন পেল প্রতিরক্ষা চুক্তি

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০২:২৫ দুপুর
  • ৯০৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। চুক্তিটি অনুমোদনের পর এবার সৌদি আরবে সেনা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের বিষয়ে এগোতে চায় আঙ্কারা। ইয়েমেনের হুথি যোদ্ধাদের সম্ভাব্য হামলা মোকাবিলায় সৌদি আরবকে প্রতিরক্ষা সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে তুরস্কের।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

এর আগে গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের বিলের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে বিলের পক্ষে ভোট দেন ২৭৯ জন সংসদ সদস্য। বিপক্ষে ভোট দেন ১১৯ জন। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) ও তাদের জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) ছাড়াও বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) সদস্যরা বিলটির পক্ষে সমর্থন জানান।

হামলাকে তিন দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনার বিধান

গত আগস্টে সৌদি আরবের মক্কায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। পরে গত মাসে অনুমোদনের জন্য তা তুরস্কের পার্লামেন্টে পাঠানো হয়।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো, অংশীদার কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। কোনো সদস্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা ভৌগোলিক অখণ্ডতা আক্রান্ত হলে অন্য অংশীদার দেশগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সহায়তা করবে।

তবে চুক্তিতে কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলকে সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি।

১৬টি অনুচ্ছেদে গঠিত চুক্তিটির নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। তবে কার্যকর হওয়ার পর প্রথম ১০ বছরের মধ্যে কোনো দেশ চুক্তি থেকে বের হতে পারবে না। ১০ বছর পার হওয়ার পর কোনো অংশীদার চুক্তি ছাড়তে চাইলে অন্তত তিন মাস আগে অন্য দুই দেশকে লিখিতভাবে জানাতে হবে।

সৌদিতে সেনা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর পরিকল্পনা

চুক্তি অনুমোদনের পর তুরস্কের পরবর্তী লক্ষ্য সৌদি আরবে সেনা মোতায়েনের জন্য পার্লামেন্টের অনুমোদন নেওয়া। তুর্কি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলার মুখে সৌদি আরবকে সহায়তা দিতে দেশটিতে তুর্কি সেনা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর পরিকল্পনা রয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সৌদি আরবে তুর্কি সেনা মোতায়েন করা হলে তা হবে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। তুর্কি বাহিনী ইয়েমেনে কোনো সামরিক অভিযান পরিচালনা করবে না।

সেনা মোতায়েনের আগে প্রয়োজন পৃথক চুক্তি

তবে সৌদি আরবে সেনা পাঠানোর আগে তিন দেশের মধ্যে ‘স্ট্যাটাস অব ফোর্সেস অ্যাগ্রিমেন্ট’ (সোফা) নামে একটি পৃথক চুক্তি নিয়ে আলোচনা করতে হবে।

এই চুক্তিতে বিদেশি সেনাদের আইনি অবস্থান, বিচারিক এখতিয়ার, সংশ্লিষ্ট দেশে প্রবেশ ও প্রস্থান, শুল্ক, কর এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নির্ধারণ করা হবে।

ফলে মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সামরিক সহযোগিতাকে নতুন পর্যায়ে নেওয়ার পথ তৈরি করলেও সৌদি আরবে তুর্কি সেনা মোতায়েনের জন্য এখনো প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই ও যুগান্তর, ১২ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad