সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ রাত
  • ১৪৯২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বনানীতে ঢাকা ওয়ানগালা উৎসবে বক্তব্য | বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতি, ধর্ম, বর্ণ ও নৃগোষ্ঠীর ভেদাভেদ ভুলে সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে সাম্য, স্বাধীনতা ও মানবিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়তে চায় সরকার। পাহাড় কিংবা সমতল, কোনো পরিচয়ই মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে পারে না। প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠাই হওয়া উচিত রাষ্ট্রের মূল লক্ষ্য।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ‘ঢাকা ওয়ানগালা-২০২৬’ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রত্যেক ধর্মই সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। নিজ নিজ ধর্মীয় অনুশাসন যথাযথভাবে পালন করা হলে সমাজ আরও সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ হয়ে উঠবে। সব ধর্মাবলম্বীর অংশগ্রহণে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে।

ধর্মীয় স্বাধীনতা ও আইনের শাসন

ডেপুটি স্পিকার বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে সম্প্রতি অনুষ্ঠিত দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসায় জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে মানুষ নিজেদের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারছে।

তিনি বলেন, মানুষের আইনি ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা গেলে ধর্মীয় স্বাধীনতাও সুপ্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় উদ্যোগ

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে কায়সার কামাল বলেন, দেশের বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি ১০টি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। এর মধ্যে নেত্রকোনার দুর্গাপুরেও একটি একাডেমি রয়েছে।

এসব প্রতিষ্ঠান দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, সরকার কালচারাল একাডেমিগুলোর কার্যক্রম আরও সম্প্রসারণ করতে চায়।

ঢাকা ওয়ানগালা-২০২৬ আয়োজকদের দাবির পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পিকার জানান, বনানী এলাকায় একটি কালচারাল একাডেমি ও একটি গির্জা প্রতিষ্ঠার উদ্যোগ শিগগিরই নেওয়া হবে।

বড়দিনে ৩ কোটি টাকা অনুদান দিচ্ছে সরকার

আসন্ন বড়দিন-২০২৬ উদযাপনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এ তথ্য জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, বড়দিন উদযাপনের জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রীর কাছে ২ কোটি টাকা অনুদান চেয়েছিলেন। প্রধানমন্ত্রী তাদের আবেদনের চেয়ে ১ কোটি টাকা বেশি, অর্থাৎ ৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর এ উদ্যোগের প্রশংসা করে কায়সার কামাল বলেন, সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, মানবিক ও সহানুভূতিশীল নেতৃত্বই বাংলাদেশ প্রত্যাশা করে। এমন নেতৃত্বের মাধ্যমে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা

ওয়ানগালা উদযাপন কমিটি-২০২৬ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়ানগালা-২০২৬-এর নকমা জন দ্রং। শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা ওয়ানগালার সাবেক নকমা ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক দীপঙ্কর রিছিল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত, বাংলাদেশে ইউনেস্কোর আবাসিক প্রতিনিধি ড. সুজান ভাইজ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আন্দ্রিয় দ্রং, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ডা. মো. আনোয়ারুল কবির, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউর রহমান ফাহিমসহ অন্যরা।

এ ছাড়া বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান, ঢাকা কর অঞ্চল-৩-এর যুগ্ম কর কমিশনার কর্ণেলিউস কামা, নয়ানগর ক্রিশ্চিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি রিপন রিচার্ড সরদার, দি ক্রিশ্চিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রেসিডেন্ট মাইকেল গোমেজ এবং গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি হেড বার্টিন গোমেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ডেপুটি স্পিকার উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আলোচনা পর্ব শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গারো সম্প্রদায়ের নেতা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক দর্শনার্থী অংশ নেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad