শিক্ষকদের প্রশিক্ষণে এআই ও আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্তির তাগিদ শিক্ষামন্ত্রীর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ বিকাল
  • ২৮৩১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রশিক্ষণবঞ্চিত শিক্ষকদের দ্রুত প্রশিক্ষণের আওতায় আনার আহ্বান

শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দক্ষ ও মেধাবী শিক্ষকরাই উন্নত ও আলোকিত বাংলাদেশ গড়ে তোলার প্রধান শক্তি। এ জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিকে (নায়েম) অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান তিনি।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির প্রভাবে শিক্ষাব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এআইয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারলে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়বে। তাই শিক্ষক প্রশিক্ষণের পাঠ্যক্রমে এআই ও আধুনিক প্রযুক্তির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে যেসব শিক্ষক এখনো প্রয়োজনীয় প্রশিক্ষণ পাননি, তাঁদের দ্রুত প্রশিক্ষণের আওতায় আনতে হবে।

শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা চাকরিতে যোগদানের শুরুতেই প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাঁরা কর্মস্থলে দায়িত্ব পালন শুরু করেন। কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে অনেক সময় কোনো প্রাতিষ্ঠানিক ওরিয়েন্টেশন কিংবা বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াই সরাসরি কর্মজীবনে প্রবেশ করতে হয়। এ ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন।

উচ্চশিক্ষার মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা হলেও ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার মান নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা হয়। এসব পর্যায়ে শিক্ষার্থীরা নিজেরাই শিখে নেবে—এমন ধারণার পরিবর্তে শিক্ষার প্রকৃত গুণগত মান নিশ্চিত হচ্ছে কি না, তা গভীরভাবে পর্যালোচনা করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পরে প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা কৃতিত্ব অর্জনকারী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েমের পরিচালক অধ্যাপক প্রিম রিজভী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad