শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন।
এবার আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। কারিগরি শিক্ষা বোর্ডে এ সংখ্যা ১ হাজার ৮৮৬ জন।
আলিমে দুই বছরে পাসের হার কমেছে ৩১.৭০ শতাংশ পয়েন্ট
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালে আলিম পরীক্ষায় পাসের হার ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৬১৩ জন। ২০২৫ সালে পাসের হার কমে দাঁড়ায় ৭৫ দশমিক ৬১ শতাংশে। জিপিএ-৫ পান ৪ হাজার ২৬৮ জন।
চলতি বছর পাসের হার আরও কমে হয়েছে ৬১ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। অর্থাৎ, ২০২৪ সালের তুলনায় দুই বছরে পাসের হার কমেছে ৩১ দশমিক ৭০ শতাংশ পয়েন্ট। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজার ৩৬৩ জন।
কারিগরিতে পাসের হার ৫০ শতাংশের নিচে
কারিগরি শিক্ষা বোর্ডেও পাসের হার কমার প্রবণতা অব্যাহত রয়েছে। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৮৮ দশমিক ০৯ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ৯২২ জন। ২০২৫ সালে পাসের হার কমে ৬২ দশমিক ৬৭ শতাংশে নেমে আসে। জিপিএ-৫ পান ১ হাজার ৬১০ জন।
এবার পাসের হার আরও কমে দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৪৩ শতাংশে। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৩ দশমিক ২৪ শতাংশ পয়েন্ট। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৮৮৬ জন, যা গত বছরের চেয়ে ২৭৬ জন বেশি।
দুই বোর্ডে পরীক্ষার্থী ২ লাখের বেশি
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে আলিম পরীক্ষার্থী ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। দুই বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৮৫০ জন।
আলিম পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫২ হাজার ১১ জন এবং ছাত্রী ৪০ হাজার ৮৯৪ জন। এ পরীক্ষা অনুষ্ঠিত হয় ৪৬১টি কেন্দ্রে।
সার্বিক ফল বিশ্লেষণে দেখা যায়, আলিম ও কারিগরি—উভয় ধারাতেই পাসের হার ধারাবাহিকভাবে কমছে। বিশেষ করে কারিগরি শিক্ষায় পাসের হার ৫০ শতাংশের নিচে নেমে আসা উদ্বেগের বিষয়। তবে কারিগরি বোর্ডে জিপিএ-৫ বাড়লেও আলিমে তা কমেছে।
তথ্যসূত্র: শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ফলের পরিসংখ্যান।

প্রথম দর্পণ,ডেস্ক