হরমুজে জাহাজ চলাচল বাড়লেও যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় ৭০ শতাংশ কম

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৭ দুপুর
  • ৩৮০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরুর পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে। তবে যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এখনো প্রায় ৭০ শতাংশ কম রয়েছে জাহাজ চলাচল। নিরাপত্তাঝুঁকি ও ধারাবাহিক হামলার কারণে আন্তর্জাতিক নৌবাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথে স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থার তথ্য অনুযায়ী, গত শুক্রবার শেষ হওয়া এক সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ১২২টি জাহাজ বের হয়েছে। একই সময়ে প্রণালিতে প্রবেশ করেছে ১৫৫টি জাহাজ।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে প্রণালিটিতে জাহাজ চলাচলের যে স্বাভাবিক মাত্রা ছিল, বর্তমান পরিস্থিতি তার তুলনায় অনেক নিচে। তবে আগের সপ্তাহের তুলনায় চলাচল কিছুটা বেড়েছে। ওই সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ১১৪টি জাহাজ বের হয়েছিল এবং প্রবেশ করেছিল ১২৭টি।

এক সপ্তাহে তিনটি হামলা

ইউকেএমটিও জানিয়েছে, আলোচ্য সপ্তাহে হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে শুক্রবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) পক্ষ থেকে চারটি ট্যাংকারে হামলার যে তথ্য জানানো হয়েছে, তা সংস্থাটির ওই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নয়।

যুক্তরাজ্যের সংস্থাটির তথ্য অনুযায়ী, হামলার শিকার তিনটি জাহাজের মধ্যে একটি যাত্রা অব্যাহত রেখেছে। অন্য একটি জাহাজের সহায়তার প্রয়োজন হয়েছে। তৃতীয় জাহাজটির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সমুদ্রপথে হামলা ১৪৪টি

ইউকেএমটিওর হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি, এডেন উপসাগর ও ওমান সাগর এলাকায় অন্তত ১৪৪টি হামলার ঘটনা ঘটেছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্য পরিবহনপথগুলোর অন্যতম হরমুজ প্রণালি। ফলে এ পথে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad