বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—যমুনা সেতু পশ্চিম থানার এএসআই মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর এবং কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম।
পুলিশ সুপার জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিলের সময় ঘটনাস্থলে পুলিশের একটি ভ্যান দেখা গেছে। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
রায়ের প্রতিবাদে মিছিল
জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলের ভিডিও ও ছবি আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও মিছিলের ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।
এদিকে, বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
তথ্যসূত্র: সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতুর বক্তব্য।

প্রথম দর্পণ,ডেস্ক