গত রোববার ডি থ্রি ট্রফির ছয় ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ম্যানেজমেন্ট ড্রাফট। সেখানেই ছয় দলের কোচিং প্যানেল চূড়ান্ত করা হয়।
ওয়ালটন গ্রুপের প্রধান কোচ হিসেবে আব্দুর রাজ্জাককে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে দলটির কর্মকর্তা রবিউল ইসলাম মিল্টন বলেন, রাজ্জাক দীর্ঘদিন জাতীয় পর্যায়ে খেলেছেন এবং পরবর্তী সময়ে কোচিং পেশায় এসেছেন। তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে কোচিংয়ে কাজ করা তুষার ইমরানও রয়েছেন। ফলে দলের কোচিং প্যানেলটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী হয়েছে বলে মনে করছে ওয়ালটন।
মিল্টনের ভাষায়, ‘রাজ্জাক ভাই অবশ্যই একজন উঁচু মানের খেলোয়াড় থেকে কোচিং পেশায় এসেছেন, তুষার ইমরান ভাইও দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমাদের কোচিং প্যানেল যথেষ্ট ব্যালেন্সড এবং শক্তিশালী।’
অন্যদিকে, আইকন ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজকে পাওয়াকে নিজেদের পরিকল্পনার অংশ হিসেবে দেখছে ওয়ালটন। মিল্টন জানান, মিরাজকে দলে নেওয়ার বিষয়ে আগে থেকেই তাদের পরিকল্পনা ছিল। ড্রাফটে সুযোগ পাওয়ার পর সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছে দলটি।
তিনি বলেন, ‘মিরাজকে নিয়ে প্ল্যান ছিল মিজান ভাইয়ের এবং আমাদের। আমরা দুইজনই মিরাজকে বলে রেখেছিলাম যে, আমরা যদি আগে ডাক পাই তোমাকে নেব।’
মিরাজকে দলে পাওয়ায় সন্তুষ্টির কথাও জানান ওয়ালটন কর্মকর্তা। তাঁর মতে, মিরাজকে দলে নেওয়ার ক্ষেত্রে কোনো হারানোর বিষয় নেই; বরং পরিকল্পনা অনুযায়ী এই অলরাউন্ডারকে পাওয়ায় দলের সবাই উজ্জীবিত।
‘এখানে হারিয়ে দেওয়ার কিছু না, বরং মিরাজ আমাদের প্ল্যানিংয়ে ছিল, মিরাজকে পেয়েছি। সেটা আমাদেরকে উজ্জীবিত এবং খুশি করেছে’—বলেন মিল্টন।
ডি থ্রি ট্রফির ছয় ফ্র্যাঞ্চাইজিতেই দেশের অভিজ্ঞ ও পরিচিত কোচদের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই ঘরোয়া টুর্নামেন্টকে ঘিরে এরই মধ্যে দলগুলোর গঠনপ্রক্রিয়া শুরু হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক