নিহত হাছিনা বেগম বালাপাড়া এলাকার নূর শেখের স্ত্রী। তিনি স্থানীয় বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন হাছিনা। বাড়িতে ফিরে স্বামীকে রাতের খাবার দেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে স্থানীয় কয়েকজন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি ধানক্ষেতে মাছ ধরার ‘টেমাই’ (বিশেষ ফাঁদ) আনতে যান। এ সময় তাঁরা জমিতে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে তাঁদের ডাকাডাকি শুনে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।
চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বখতিয়ার রহমান জানান, সকালে কয়েকজন মাছ ধরার ফাঁদ আনতে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। সকাল ৮টার দিকে তিনি দেবীগঞ্জ থানায় বিষয়টি জানান। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম দর্পণ,ডেস্ক