বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত ও বিচারিক পদক্ষেপ নিতে আইনমন্ত্রী, আইন ও বিচার বিভাগের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।
নোটিশে ঢাকা উত্তর জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা উত্তর মহানগর দায়রা আদালত এবং একইভাবে ঢাকা দক্ষিণ জেলা ও দায়রা জজ আদালত ও ঢাকা দক্ষিণ মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠা বা পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়, ঢাকার বিপুল জনসংখ্যা, বিস্তৃত ভৌগোলিক এলাকা এবং ক্রমবর্ধমান দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক, বিশেষ ও মহানগর ফৌজদারি মামলার চাপ বিবেচনায় বর্তমান বিচারিক কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন।
এতে আরও বলা হয়, বিদ্যমান বিচারিক ব্যবস্থায় বিপুলসংখ্যক মামলা, বিচারপ্রার্থী, আইনজীবী, সাক্ষী, আসামি ও সংশ্লিষ্ট ব্যক্তির সমাগমের কারণে বিচারিক প্রশাসনের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। এর ফলে বিচারপ্রার্থীদের আদালতে যাতায়াত, মামলার ব্যবস্থাপনা এবং দ্রুত বিচার নিষ্পত্তি বাধাগ্রস্ত হচ্ছে।
নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট

প্রথম দর্পণ,ডেস্ক