নেপালের বন্যায় সহায়তার জন্য তারেক রহমানকে বালেন্দ্র শাহর কৃতজ্ঞতা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ দুপুর
  • ৮৭৫৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ, পুনর্বাসন ও মানবিক সহায়তায় বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

গত ১০ সেপ্টেম্বর পাঠানো এক কূটনৈতিক চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী এ কৃতজ্ঞতা জানান। চিঠিতে তিনি গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় প্রাণহানি এবং ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।

নেপালের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের দেওয়া এই আর্থিক সহায়তা দেশটির চলমান ত্রাণ, মানবিক সহায়তা ও দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের এ সহায়তার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংসদের শোক প্রস্তাবেরও প্রশংসা

চিঠিতে বালেন্দ্র শাহ গত ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের স্মরণে গৃহীত শোক প্রস্তাবের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এ উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের গভীর সহমর্মিতা ও সংহতির আবেগঘন প্রকাশ।

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, একটি প্রিয় বন্ধুরাষ্ট্রও। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

নেপালের দুর্যোগ তহবিলে ১০ লাখ ডলার

এর আগে ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেয়। উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য এ অর্থ দেওয়া হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালের রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠিও হস্তান্তর করা হয়।

এ ছাড়া ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদ নেপালের ভয়াবহ দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করে। ১ সেপ্টেম্বর নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad