ইতালি থেকে দেশে ফিরে বাঁধন: ‘আক্রমণকারীরা নিজেদেরই বিপদ ডেকে আনছেন’

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ দুপুর
  • ৩০২৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগের পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ঘটনার পর ইতালির পুলিশের দেওয়া নিরাপত্তা ও স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতার কথা তুলে ধরেন বাঁধন।

বিমানবন্দরে সাংবাদিকদের বাঁধন বলেন, যারা হামলা চালিয়েছেন, তারা নিজেদেরই বিপদ ডেকে আনছেন। তিনি বলেন, ‘তারা আমার গায়ে হাত তুলেছে। তাদের এই বর্বরতা বন্ধ করতে হবে। আমার মনে হয়, আক্রমণকারীরা নিজেদের স্থানটাই অনিরাপদ করছেন।’

ইতালিতে ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বাঁধন বলেন, এর মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

তিনি আরও বলেন, দলকে ভালোবাসার কারণে কেউ যেন এমন আচরণ না করেন। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের পরিবারও কষ্ট পাবে। দলের নেতারা বিষয়টি দেখবেন না—তারা বরং নিজেদের মতো স্বাভাবিক জীবনযাপন করছেন এবং ভিডিও বার্তা দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার পর ২৪ ঘণ্টা পুলিশের নিরাপত্তা

ইতালির পুলিশের ভূমিকার বিষয়ে বাঁধন বলেন, ঘটনার পর তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছিল। ইতালিতে অবস্থানকালে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকেও তিনি সহযোগিতা পেয়েছেন বলে জানান।

এর আগে ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। ৭ সেপ্টেম্বর রাতে মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময় একদল প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে হেনস্তা ও হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ওই সময় বাঁধনের দিকে পানি ও কোমল পানীয় ছোড়া হয়। তাকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগও ওঠে।

ভিডিওতে কয়েকজনকে বাঁধনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন তিনি। পরে ইতালির পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে।

বাংলাদেশ সরকারেরও উদ্বেগ

হামলার অভিযোগের পর বাঁধনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ও ইতালিতে আলোচনা শুরু হয়। ইতালিতে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেট থেকে তাকে আইনি ও অন্যান্য সহায়তা দেওয়ার কথা জানানো হয়। এ ঘটনায় বাংলাদেশ সরকারও উদ্বেগ প্রকাশ করে। বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তোলার কথা জানিয়েছিল বাংলাদেশ।

ঘটনার পর বাঁধনও দৃঢ় অবস্থান নিয়ে বলেছিলেন, তিনি ঘটনার শেষ দেখে ছাড়বেন।

ভেনিস উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

অভিনেত্রী বাঁধন ইতালিতে গিয়েছিলেন তার অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে। বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ও রচিত সিনেমাটি ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করে।

চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি সেখানে হামলার অভিযোগের ঘটনায় আন্তর্জাতিকভাবেও আলোচনায় আসেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad