বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ‘সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা’ বলেছেন, ‘আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা; এক তালে তো আর যাবে না এটা। তবে আমরা চাই, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজটা পরিবর্তন হোক—যে সমাজে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে এমন একটি জীবন কাটাতে পারবে, যা তাদের জন্য হবে অর্থবহ।’
মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও মাদক নিয়ন্ত্রণসহ উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ ও দেশের উন্নয়নের জন্য, যার মধ্যে আর্থসামাজিক উন্নয়নও রয়েছে। এ ছাড়া রয়েছে দুর্নীতি দমন। দুর্নীতি কে করে, আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করব। ধরেন, আমি যদি কোনো ঠিকাদারের কাছ থেকে টাকা নিই, আপনাদের মাধ্যমেই নেব। এজন্য আমি অনুরোধ করব, যতক্ষণ আমরা দুর্নীতি প্রতিরোধ করতে না পারি, চেষ্টা চালিয়ে যাব। দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ করা আমাদের প্রধান দায়িত্ব।’
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেক প্রমুখ।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স