বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা-থেরাপি কার্যক্রম দেখলেন জুবাইদা রহমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ দুপুর
  • ১১৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি স্কুলটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমানকে প্রধান অতিথি হিসেবে স্বাগত জানান বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (ওডব্লিউসিসি) সভাপতি সালেহা খান। স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়।

জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণির কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপিসহ শিশুদের সার্বিক বিকাশমূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় স্কুলের অধ্যক্ষ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, থেরাপি সুবিধা ও মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

বর্তমানে ‘ব্লু স্কাই’ স্কুলে ২৮ জন বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও থেরাপিস্ট বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কাজ করছেন। বাফওয়া ২০২১ সালে স্কুলটি প্রতিষ্ঠা করে। এখানে প্রতি পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এবং একজন সিস্টার বা ব্রাদার নিযুক্ত রয়েছেন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি শিক্ষার আওতায় ইতোমধ্যে কয়েকজনকে সহকারী থেরাপিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পরিদর্শনের অংশ হিসেবে ডা. জুবাইদা রহমান বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। তিনি প্রশিক্ষণার্থীদের তৈরি হস্তশিল্প সামগ্রীও পরিদর্শন করেন।

পরে ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা গান, নৃত্য ও ফ্যাশন শোসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও থেরাপি সুবিধা নিশ্চিত করা এবং নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে বাফওয়ার মানবিক উদ্যোগের প্রশংসা করেন। পরে তিনি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (ওডব্লিউসিসি) পক্ষ থেকে জুবাইদা রহমানের হাতে শুভেচ্ছা স্মারক ও বিশেষ উপহার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ছবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাফওয়া ও ওডব্লিউসিসির সভানেত্রী সালেহা খান। পরে বাফওয়া কর্মসূচি এবং ‘ব্লু স্কাই’ স্কুলের কার্যক্রমের ওপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় বক্তব্য দেন ‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ (পিএসসি)।

অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রীরা, বাফওয়া এ কে খন্দকার ও বাশার শাখার প্রতিনিধিরা এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad