শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে। তবে আওয়ামী লীগ নিয়ে এ মুহূর্তে প্রশ্ন করাটা ঠিক বা উচিত নয়।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনকে নিয়ে আমাদের পর্যায়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি।’
মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার তাদের নেই। একই সঙ্গে দলটির কোনো সভা, সমাবেশ বা মিছিল করার অধিকারও নেই। এমনকি দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনারও সুযোগ নেই।
তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার নেই।’
নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানান প্রতিমন্ত্রী।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক