শনিবার (২৯ আগস্ট) দুপুরে দলটির মিডিয়া উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
জামায়াত জানায়, শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া যানজট শনিবার পর্যন্ত অব্যাহত রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশ থেকে শুরু হয়ে যানজট কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে।
দলটির অভিযোগ, সোনারগাঁ অংশের একটি ব্রিজ সংস্কারকাজকে কেন্দ্র করেই মূলত এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা না করে ব্রিজ সংস্কারকাজ শুরু করাকে সরকারের ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে জামায়াত।
বিবৃতিতে বলা হয়, সরকার ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের অবহেলা এবং অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে হাজারো নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীসহ সাধারণ যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জামায়াত আরও বলেছে, পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকায় বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এর ফলে ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
দলটির ভাষ্য, সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার