হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, দাবি ট্রাম্পের

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৬, ১০:৫৮ রাত
  • ১০৪২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বজায় রাখার দাবি করেছেন। তবে ইরানের সঙ্গে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমি মনে করি, আমরা এটি ধরে রাখব।’ এর আগে সাংবাদিকদের সঙ্গেও একই ধরনের মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধকে অনেকে ‘ইস্পাতের প্রাচীর’ হিসেবে অভিহিত করছেন। তার দাবি, এ পরিস্থিতিতে ইরানের কার্যকরভাবে কিছু করার সুযোগ নেই।

ট্রাম্প বলেন, ইরান শুধু কথা বলে, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেয় না। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবের সমালোচনা করেন। নিজের বক্তব্যের শেষদিকে তিনি বলেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর।’

তবে ট্রাম্পের এই দাবির মধ্যেও হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব অব্যাহত রয়েছে। প্রণালীটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। এই আলোচনার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর শান্তি আলোচনা কার্যত স্থগিত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কারণ ওই আলোচনায় ওয়াশিংটন অংশ নিচ্ছে না।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির জব্দ করা সম্পদ অবমুক্ত না করা পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে সব ধরনের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র আটটি জাহাজ চলাচল করেছে। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন এই জলপথ দিয়ে প্রায় ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত। বাণিজ্য বিশ্লেষণ প্ল্যাটফর্ম কেপলারের তথ্য অনুযায়ী, গত দশ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১২টি জাহাজ চলাচল করেছে। মঙ্গলবারের সংখ্যা সেই গড়েরও নিচে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যাওয়ায় আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad