ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়ায় জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এটিকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘রাস্তা থেকেই গণতন্ত্রের জন্ম। এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের বিজয়।’
পদত্যাগের খবর প্রকাশের পর হাসপাতালের শয্যা থেকে ‘ভি’ চিহ্ন প্রদর্শন করে তোলা একটি ছবি প্রকাশ করেন ওয়াংচুক। একই পোস্টে তিনি আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং দেশের তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান। পাশাপাশি, আন্দোলনে অংশ নিতে ভয়কে উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এগিয়ে আসা নাগরিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওয়াংচুক বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে আন্দোলনের প্রথম লক্ষ্য ‘জবাবদিহি’ অর্জিত হয়েছে। এখন আন্দোলনের মূল লক্ষ্য হবে দেশের শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার নিশ্চিত করা।
উল্লেখ্য, গত ২৮ জুন সিজেপির ডাকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনে যোগ দেন সোনম ওয়াংচুক। তিনি অনশন শুরু করেন এবং টানা ২৬ দিন অনশন চালিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার রাতে তা প্রত্যাহার করেন।
সরকার সংসদে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে আলোচনা, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়ে আশ্বাস দিলে তিনি অনশন ভঙ্গ করেন।
সূত্র: এনডিটিভি

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক