'মানুষের ক্ষোভেই হাসিনার পতন'— কুমিল্লায় বিএনপির সভায় রাশেদা বেগম হিরার বক্তব্য

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৬, ১২:৫১ দুপুর
  • ১২৪৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হিরা বলেছেন, দীর্ঘদিনের দুঃশাসন, নির্যাতন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চৌদ্দগ্রাম বাজারে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে এ সভার আয়োজন করা হয়।

রাশেদা বেগম হিরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষা খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক কাঠামো দুর্বল করে দেওয়া হয়েছে এবং বিদেশি স্বার্থ রক্ষার নামে জাতীয় স্বার্থ উপেক্ষা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারেরও অভিযোগ তোলেন তিনি।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে একটি পরিবারের সীমাহীন লোভের কারণে দেশের মানুষ মানসিকভাবে নির্যাতিত হয়েছে। ক্ষমতাসীনদের শাসনব্যবস্থার মূলনীতি ছিল ‘জোর যার, মুল্লুক তার’। বিরোধী মতকে দমন করে সাধারণ মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার সংকুচিত করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ যাতে শাসন-শোষণের প্রকৃত চিত্র বুঝতে না পারে এবং ভয়ভীতির মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়, সে লক্ষ্যেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।

সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা প্রধান বক্তা এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম, পৌর যুবদলের আহ্বায়ক মো. হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইছহাক বেপারী, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad