ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে মুম্বাইয়ে এক তরুণীর সাহসী প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (২৩ জুলাই) শহরের দাদারের শিবাজি পার্ক এলাকায় আটক বিক্ষোভকারীদের বহনকারী একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ রোধ করেন রিয়া যাদব নামে ওই তরুণী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যে হুডি ও ক্যাপ পরিহিত রিয়া যাদব পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে ভ্যানটির অগ্রযাত্রা থামিয়ে দেন। পুলিশ সদস্যরা তাকে সরে যেতে অনুরোধ করলেও তিনি অবস্থান থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান। স্থানীয় গণমাধ্যমের দাবি, তার এই প্রতিবাদের পর আটক কয়েকজন বিক্ষোভকারীকে ছেড়ে দেওয়া হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিয়া বলেন, “পুলিশ যদি দায়িত্বশীলভাবে তাদের কাজ না করে, তাহলে নাগরিকদের দায়িত্ব আমাদেরই নিতে হবে।”
তিনি আরও বলেন, তিনি নিজে শিক্ষার্থী না হলেও শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। তার ভাষায়, “দিল্লিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ যে আচরণ করেছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
রিয়ার এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাকে ‘হিরো’ আখ্যা দিয়ে তার সাহসিকতার প্রশংসা করেছেন।
কে এই রিয়া যাদব?
রিয়া যাদবের ইনস্টাগ্রাম প্রোফাইল অনুযায়ী, তিনি একজন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় এক লাখ। তিনি একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। সর্বশেষ ‘দিলবারা’ শিরোনামের একটি গানের ভিডিওতে তাকে দেখা গেছে।
আন্দোলন ছড়িয়ে পড়ছে
দিল্লিতে সিজেপি (ককরোচ জনতা পার্টি) নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে টানা তৃতীয় দিনের মতো বুধবারও মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদ জানানো হয়।
নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও শত শত মানুষ শিবাজি পার্ক, চৈত্যভূমি, চেম্বুর ও শিবসেনা ভবনসহ বিভিন্ন এলাকায় সমবেত হয়ে প্রশ্নফাঁসের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
সূত্র: এনডিটিভি

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক