যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম-এর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার ব্রঙ্কসের ইস্ট ১৭২ স্ট্রিট ও বিচ অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ নামফলক উন্মোচন করা হয়। এ আয়োজনের মাধ্যমে নিউইয়র্ক সিটি তার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
তিন সন্তানের জনক দিদারুল ইসলাম ২০২৫ সালের ২৮ জুলাই ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ ভবনে একটি বেসরকারি নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ছিলেন। ওই সময় এক বন্দুকধারী ভবনের লবিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলায় দিদারুল ইসলামসহ চারজন নিহত হন। পরে হামলাকারী আত্মঘাতী গুলিতে মারা যায়।
সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির জনপ্রতিনিধি, সিটি কাউন্সিল ও কমিউনিটি বোর্ড-৯-এর কর্মকর্তারা, নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ঊর্ধ্বতন কর্মকর্তারা, দিদারুল ইসলামের সহকর্মী, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দিদারুল ইসলামের কমান্ডিং অফিসার মুহাম্মদ আশরাফ বলেন, “তিনি এমন একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, যাকে প্রত্যেক কমান্ডিং অফিসারই নিজের দলে চাইবেন। নতুন সদস্যদের পথনির্দেশনা দেওয়া, মানুষের পাশে দাঁড়ানো এবং দায়িত্ব পালনে নিষ্ঠা ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। দিদারের কাছে পুলিশি দায়িত্ব শুধু একটি চাকরি ছিল না, এটি ছিল তার জীবনের ব্রত।”
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, “এই সড়ক এখন এমন একজন মানুষের নাম বহন করবে, যিনি নিউইয়র্ককে নিজের ঘর হিসেবে গ্রহণ করেছিলেন এবং এই শহরকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন।”
বাংলাদেশি বংশোদ্ভূত এই সাহসী পুলিশ কর্মকর্তার নামে সড়ক নামকরণকে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: সিবিসি নিউজ

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক