রাশিয়ার পশ্চিমাঞ্চলের তামবভ অঞ্চলে একটি লজিস্টিকস কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন তামবভ অঞ্চলের গভর্নর ইয়েভগেনি পেরভিশভ।
গভর্নরের বরাত দিয়ে জানা যায়, তামবভ অঞ্চলের কোটভস্ক শহরে অবস্থিত ওয়াইল্ডবেরিজ-এর একটি লজিস্টিকস কেন্দ্রে রাতের বেলায় মানববিহীন আকাশযান (ড্রোন) দিয়ে হামলা চালানো হয়।
হামলার সময় রাতের শিফটে কর্মরত সাতজন কর্মী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত ২৪ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকায় সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী অঞ্চল ছাড়াও রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে।
সূত্র: এএফপি

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক