বাভি’র ভয়াল তাণ্ডব: চীনে ১৭ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে, স্থবির জনজীবন

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, ০৬:০৩ বিকাল
  • ২৫৪৮৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শক্তিশালী টাইফুন ‘বাভি’-এর আঘাতে চীনের পূর্বাঞ্চলজুড়ে ব্যাপক দুর্যোগ সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা থেকে প্রায় ১৭ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এটি চীনে আঘাত হানা দ্বিতীয় শক্তিশালী টাইফুন।

শনিবার সন্ধ্যায় টাইফুনটি প্রথমে উপকূলীয় শহর তাইজৌতে আঘাত হানে। এরপর মধ্যরাতে ওয়েনঝৌ উপকূলে দ্বিতীয় দফায় স্থলভাগে প্রবেশ করে। রোববার সকালে ঝড়টির কেন্দ্র ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ অঞ্চলে পৌঁছায়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার এটি আনহুই প্রদেশের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হবে এবং মঙ্গলবার শানডং উপদ্বীপ অতিক্রম করে উত্তর ইয়েলো সাগরের দিকে সরে যাবে।

প্রাথমিকভাবে সুপার টাইফুন হিসেবে সৃষ্টি হওয়া ‘বাভি’ বর্তমানে দুর্বল হয়ে তীব্র ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও এর বিশাল বৃষ্টিবহুল মেঘমালা এখনো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। প্রায় এক হাজার কিলোমিটার বিস্তৃত এই ঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আরও দুর্বল হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

টাইফুনের প্রভাবে ঝেজিয়াং প্রদেশে স্কুল, সরকারি-বেসরকারি অফিস এবং সব ধরনের বহিরাঙ্গন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রায় ৪০০টি ফ্লাইট এবং ডজনখানেক ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে। প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝৌতে কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

ওয়েনঝৌর বাসিন্দা লি লিয়াংশিং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “ছাদের টালি ও গাছের ডালপালা ভেঙে পড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমরা সত্যিই ভীত ছিলাম।”

এদিকে রাজধানী বেইজিং এলাকায়ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় এক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

চীনে আঘাত হানার আগে টাইফুন ‘বাভি’ জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জের সাকিশিমা দ্বীপমালা এবং তাইওয়ানের উত্তরাঞ্চলের পাশ দিয়ে অতিক্রম করে। জাপানে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং হাজারো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। অন্যদিকে, তাইওয়ানে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ পর্যন্ত জাপান ও তাইওয়ানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, টাইফুনের প্রভাবে ফিলিপাইনে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে টাইফুন ‘মেইসাক’-এর আঘাতে চীনের দক্ষিণাঞ্চলে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে ‘বাভি’র আঘাতে দেশটির উপকূলীয় অঞ্চলে আবারও চরম দুর্যোগ নেমে এসেছে।

সূত্র: বিবিসি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad