বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার এবং প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী, পরিচ্ছন্ন ভাবমূর্তির দেশপ্রেমিক রাজনীতিবিদ এবং ন্যায়বিচারের একজন দৃঢ় সমর্থক। পেশাগত ও রাজনৈতিক জীবনে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরও বলেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সর্বমহলে শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। রাজনৈতিক প্রতিকূল সময়ে, বিশেষ করে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলার সময় তিনি ন্যায়বিচারের পক্ষে সাহসিকতার সঙ্গে আইনি সহায়তা প্রদান করেন এবং মূল্যবান পরামর্শ দিয়ে পাশে দাঁড়ান।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, মরহুম কখনোই এসব আইনি সহায়তার জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। বরং তিনি এটিকে নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করতেন। এ জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শোকবার্তার শেষাংশে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার