ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ সাম্প্রতিক সংঘাতে নিহত সব ব্যক্তির হত্যার প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি বলেন, নিহতদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত ইরান থেমে থাকবে না।
বার্তায় মোজতবা খামেনি বলেন, “শহীদ নেতা এবং সাম্প্রতিক দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ আমরা অপরাধী হত্যাকারীদের কাছ থেকে নেব। এই অঙ্গীকার থেকে ইরান কখনও সরে আসবে না।”
তিনি আরও বলেন, প্রতিশোধ নেওয়ার বিষয়টি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কর্মকর্তার ওপর নির্ভরশীল নয়। “আমরা থাকি বা না থাকি, এই প্রতিশোধ একদিন অবশ্যই বাস্তবায়িত হবে,”—উল্লেখ করেন তিনি।
মোজতবা খামেনি ইরান ও ইরাকজুড়ে আয়োজিত শোকানুষ্ঠানে লাখো মানুষের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদসহ বিভিন্ন শহরে জনগণের ব্যাপক উপস্থিতিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন এবং এটিকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করেন।
উল্লেখ্য, আলি খামেনির দাফনকে কেন্দ্র করেই এই বার্তাটি প্রকাশ করা হয়। কয়েক মাস পর রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজা শেষে বৃহস্পতিবার গভীর রাতে পবিত্র মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে তাকে এবং সংঘাতে নিহত পরিবারের সদস্যদের দাফন করা হয়। এ সময় হাজারো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন।
সূত্র: এনডিটিভি।

প্রথম দর্পণ,ডেস্ক