ঢাকায় প্রথমবারের মতো ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট-বিটিএম ২০২৬’ : ২০ দেশের অংশগ্রহণে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, ০৬:৫৯ বিকাল
  • ২৫২৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট-বিটিএম ২০২৬’। আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া)।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যটন শিল্পের সঙ্গে বাংলাদেশের সংযোগ বৃদ্ধি, পর্যটন বিনিয়োগ সম্প্রসারণ এবং বিশ্ব পর্যটন মানচিত্রে দেশের অবস্থান আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ট্রাভেল মার্টে বাংলাদেশসহ ২০টি দেশের ১৩০টিরও বেশি প্রদর্শক (এক্সিবিটর), শতাধিক পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং প্রায় ১৫ হাজার দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, দেশের আউটবাউন্ড পর্যটন শিল্পের পাশাপাশি ইনবাউন্ড পর্যটনের বিকাশ, বিদেশি পর্যটক আকর্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বে তুলে ধরতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ট্রাভেল মার্ট সেই উদ্যোগকে আরও বেগবান করবে।

ট্রাভেল মার্টের চিফ কো-অর্ডিনেটর মহসিন ইকবাল জানান, এ আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, এয়ারলাইন্স, হোটেল, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সিগুলোকে একই প্ল্যাটফর্মে আনা হবে। ফলে আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, নেটওয়ার্কিং এবং নতুন অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও জানান, প্রথমবারের মতো ট্রাভেল মার্টের কার্যক্রম দুটি পৃথক হলে অনুষ্ঠিত হবে। বি-টু-বি (Business-to-Business) প্ল্যাটফর্মে আন্তর্জাতিক হোস্টেড বায়ারদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। সেখানে ব্যবসায়িক বৈঠক, নেটওয়ার্কিং এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে বি-টু-সি (Business-to-Consumer) প্ল্যাটফর্মে সাধারণ দর্শনার্থীরা দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ, বিমান টিকিট, হোটেল বুকিং, ভিসা সেবা, বিশেষ ট্রাভেল অফার এবং বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য সম্পর্কে সরাসরি তথ্য ও আকর্ষণীয় অফার গ্রহণের সুযোগ পাবেন।

আয়োজকদের মতে, বাংলাদেশ ট্রাভেল মার্ট-বিটিএম ২০২৬ দেশের পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতে নতুন বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad