রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।
এর আগে গত ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান মেননকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত সেদিন শুনানির জন্য ৮ জুলাই তারিখ নির্ধারণ করেছিলেন।
দুদকের মামলার অভিযোগ অনুযায়ী, অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় গত বছরের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ মোট ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলায় বলা হয়েছে, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির এমন নিয়োগ দেওয়ার ক্ষমতা না থাকলেও অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বা তাঁর প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষককে রাখা হয়নি। এছাড়া এনটিআরসিএ সনদ ছাড়াই প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে না দেওয়ারও অভিযোগ রয়েছে। এমনকি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন স্কুলটির সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সাবেক সদস্যসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেনসহ গভর্নিং বডির কয়েকজন সাবেক সদস্য, শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট পৃথক একটি মামলায় রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। বর্তমান আদেশের মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতির এই মামলাতেও তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হলো।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার