উখিয়ায় গভীর নলকূপের গ্যাসে আগুন, ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ বিকাল
  • ৩৬২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে লাগা আগুন ১২ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর একটি ফায়ার টিম কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বাড়িতে গত তিন দিন ধরে গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চলছিল। প্রায় এক হাজার ফুট গভীরে খননের একপর্যায়ে মঙ্গলবার ভোরে হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড বেগে গ্যাস বের হতে শুরু করে। পরে নির্গত গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে সেখানে আগুন জ্বলছে।

পানি ছিটিয়েও নেভানো যাচ্ছে না আগুন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে ভূগর্ভ থেকে অব্যাহতভাবে গ্যাস নির্গত হওয়ায় আগুন নেভানো সম্ভব হচ্ছে না। পানি ছিটিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

এ অবস্থায় মঙ্গলবার দুপুর আড়াইটার পর সেনাবাহিনীর একটি ফায়ার টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে লোকজন

সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাইকিং করে ঘটনাস্থল থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে আগুন দেখতে বিপুলসংখ্যক মানুষের ভিড় জমায় পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, গ্যাস নির্গত হয়ে আগুন জ্বলে ওঠার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সেনাবাহিনীর ফায়ার টিমও ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad