আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১২ হাজার ২৯২ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সঙ্গে আরও হাজারো প্রবাসীর বিরুদ্ধে বহিষ্কারসহ বিভিন্ন আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, দেশজুড়ে অবৈধ অবস্থান ও সীমান্ত-সংক্রান্ত অপরাধ দমনে পরিচালিত যৌথ অভিযানের অংশ হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আরও ১৬ হাজার ৯১২ জনকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া বহিষ্কারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ৪ হাজার ১৭৪ জনের ভ্রমণ টিকিট ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারীদের প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় প্রদান কিংবা যেকোনো ধরনের সহযোগিতা সৌদি আইনে গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দের বিধান রয়েছে।
এদিকে, গত ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৭৫৯ জন আবাসন আইন, ৪ হাজার ৪৮৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৪৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা ও অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোরভাবে কার্যকর করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক