‘কর অডিট’ আতঙ্কে প্রতারণা: এনবিআরের নাম ভাঙিয়ে টাকা হাতানোর ফাঁদ, করদাতাদের সতর্ক থাকার আহ্বান

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৫ জুলাই ২০২৬, ১১:৩৭ দুপুর
  • ২০৮৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কর নথি অডিটের কথা বলে করদাতাদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিচয় ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে তারা অডিট থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করছে। এ ধরনের প্রতারণা সম্পর্কে করদাতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এনবিআর।

রোববার (৫ জুলাই) এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে করদাতার সঙ্গে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে সংশ্লিষ্ট করদাতাকে শুধুমাত্র আইনানুগ লিখিত নোটিশের মাধ্যমেই বিষয়টি জানানো হয়।

এনবিআর আরও জানায়, কর, ফি বা অন্য কোনো সরকারি পাওনা কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি বিকাশ, রকেট, নগদ, ব্যক্তিগত ব্যাংক হিসাব বা অন্য কোনো ব্যক্তিগত মাধ্যমে অর্থ গ্রহণের বৈধতা বা এখতিয়ার রাখেন না।

কোনো সন্দেহজনক ফোনকল, এসএমএস বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে এনবিআরের কর্মকর্তা পরিচয়ে কেউ অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করার আহ্বান জানানো হয়েছে।

এনবিআর বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে বিভ্রান্ত হয়ে ব্যক্তিগতভাবে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad