নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। অভিযুক্তদের দা–এর আঘাতে তারা আহত হন। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশের সোর্স মাসুম মিয়া। আহত তিন পুলিশ সদস্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এসআই সুরুজ্জামানের নেতৃত্বে একটি দল সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সাগর ও তার ভাই সজল ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালালে তিন পুলিশ সদস্য ও পুলিশের সোর্স আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং অভিযানে জড়িত দুই ভাই সাগর ও সজলকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় পৃথক মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক