দাভোস সম্মেলন শেষে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, ০৫:০২ বিকাল
  • ২২৪৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে হাই-স্পিড (বুলেট) ট্রেনে তিনি চীনের রাজধানীতে পৌঁছান। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডব্লিউইএফের ১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ অংশ নেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন নিয়ে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং উদ্ভাবনী উন্নয়ন কৌশল বিনিময় ছিল এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সফল উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য, গত সোমবার মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং সফরকালে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad