ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার সফলতা নির্ভর করছে চুক্তির শর্ত ও প্রতিশ্রুতিগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর। তিনি সতর্ক করে বলেছেন, চুক্তির মূল পাঠ্যের বাইরে গিয়ে দেওয়া বক্তব্য বা ব্যাখ্যা আলোচনা প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক নয়।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আলোচনার কার্যকারিতা নির্ভর করবে উভয় পক্ষের সম্মত বাধ্যবাধকতার প্রতি পূর্ণ প্রতিশ্রুতি এবং সেগুলোর যথাযথ বাস্তবায়নের ওপর।”
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, “এই প্রক্রিয়ার অগ্রগতি মূল্যায়ন করা হবে গৃহীত দায়িত্ব ও প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলনের মাধ্যমে। চুক্তির মূল পাঠ্যের বাইরে কোনো মন্তব্য বা ব্যাখ্যা আলোচনাকে এগিয়ে নিতে সহায়তা করে না।”
তবে তিনি ঠিক কোন মন্তব্য বা বক্তব্যের প্রতি ইঙ্গিত করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি বক্তব্যকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন, ইরান আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে এবং অবমুক্ত হওয়া ইরানি তহবিল যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার কাজে ব্যয় করা হবে।
তবে ইরানি কর্মকর্তারা এসব দাবি প্রত্যাখ্যান করে সেগুলোকে ভিত্তিহীন ও বাস্তবতার সঙ্গে অসঙ্গত বলে উল্লেখ করেছেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে পেজেশকিয়ানের এই মন্তব্যকে চুক্তির শর্তাবলি কঠোরভাবে অনুসরণের আহ্বান হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক