মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের জেরে বুধবার (১০ জুন) বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৮৩ সেন্ট বা ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৮ সেন্ট বা ০ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর আহ্বানে ইসরায়েল ও ইরান সরাসরি হামলা থেকে সাময়িকভাবে বিরত থাকায় মঙ্গলবার তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। ফলে ব্রেন্ট ক্রুডের দাম ১৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে এবং ডব্লিউটিআইয়ের দাম ২৯ মের পর সর্বনিম্ন অবস্থানে নেমে যায়।
তবে পরিস্থিতি আবারও জটিল হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের খবরে। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির কাশম দ্বীপসংলগ্ন এলাকায় মার্কিন বাহিনীর হামলার পর পাল্টা প্রতিক্রিয়া দেখায় তেহরান। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
বাজার বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। সেক্ষেত্রে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক