ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করায় জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (৮ জুন) দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টায় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সীমিত পরিসরের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অংশ নেবেন।
ইসরায়েলি এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনা বিবেচনায় বৈঠকটি সীমিত আকারে আয়োজন করা হয়েছে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা ইসরায়েলের নেভাতিম ও তেল নফ বিমানঘাঁটিসহ দুটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানের দাবি, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় এ হামলা পরিচালিত হয়েছে।
অন্যদিকে ইসরায়েলও ইরানের বিভিন্ন রাডার ও সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর জবাবে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলের লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সোমবার সকালে ইসরায়েল তেহরান, ইসফাহানসহ ইরানের কয়েকটি এলাকায় নতুন করে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
ক্রমবর্ধমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে বলে বিশ্লেষকদের অভিমত।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক