২০২৫-২৬ শিক্ষাবর্ষের (পরীক্ষা-২০২৭) আলিম শ্রেণির যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ে কোনো মাদ্রাসায় অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এসব শিক্ষার্থীর অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সোমবার (৮ জুন) থেকে শুরু হয়েছে।
রোববার (৭ জুন) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার কার্যক্রম ৮ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে। ফি জমা হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তথ্য অনলাইনে আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন চালু হবে। তথ্য এন্ট্রির শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন পর্যন্ত।
বোর্ড সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধানরা যেকোনো ব্রাউজার থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করবেন। এরপর পেমেন্ট অপশনের মাধ্যমে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত ফি সিস্টেমে জমা হওয়ার পরই নতুন শিক্ষার্থীদের তথ্য আপলোডের সুযোগ পাওয়া যাবে। এ পর্যায়ে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে। তবে আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য বাতিল বা ডিলিট করার সুযোগ থাকবে না।
এদিকে, পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করা শিক্ষার্থীদের বিভাগ, বিষয় কিংবা ছবিতে কোনো ভুল থাকলে তা সংশোধনের অনলাইন কার্যক্রমও চলমান রয়েছে বলে জানিয়েছে বোর্ড।
রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে নিয়মিত শিক্ষার্থীদের জন্য ৮৮৫ টাকা। আর অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা পাঠ বিরতি ফিসহ মোট ১ হাজার ৩৫ টাকা পরিশোধ করতে হবে।
রেজিস্ট্রেশন ফি জমা কিংবা তথ্য এন্ট্রি সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে অফিস চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের ইআইআইএনভিত্তিক নিবন্ধিত সিম নম্বর থেকে বোর্ডের নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক