হজ শেষে দেশে ফিরেছেন ১৭ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪২ বাংলাদেশির

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ জুন ২০২৬, ০১:১৩ দুপুর
  • ৩৬৭৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। এখন পর্যন্ত ৪৩টি ফিরতি ফ্লাইটে মোট ১৭ হাজার ৬৮৯ জন হাজি নিরাপদে দেশে পৌঁছেছেন। একই সঙ্গে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪২ জন বাংলাদেশি হাজির মৃত্যুর তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুন) প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, হজ-পরবর্তী ফিরতি ফ্লাইট কার্যক্রম গত ৩০ মে শুরু হয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত তা অব্যাহত থাকবে।

হজ অফিস সূত্রে জানা গেছে, তিনটি বিমান সংস্থা ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, সাউদিয়া এয়ারলাইনসের ১৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে হাজিদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

দেশে ফেরা হাজিদের মধ্যে ২ হাজার ৮২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১৫ হাজার ৬০৭ জন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করেছেন।

এদিকে, সৌদি আরবে হজ পালনকালে মৃত্যুবরণ করা ৪২ জন বাংলাদেশির মধ্যে ২৭ জন পুরুষ ও ১৫ জন নারী। তাঁদের মধ্যে ৩২ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মারা গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়। পরবর্তীতে ২১ মে হজযাত্রী পরিবহনের কার্যক্রম শেষ হয়। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad