বৃষ্টি কমায় বাড়ছে ভ্যাপসা গরম, আবারও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২৯ মে ২০২৬, ০৯:৫৫ রাত
  • ১৪৭৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বৃষ্টি কমায় বাড়ছে ভ্যাপসা গরম, আবারও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস


দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় আগামী কয়েক দিনে ভ্যাপসা গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি না থাকায় রাজধানী ঢাকার বায়ুদূষণও ফের বাড়তে শুরু করেছে।

শুক্রবার রাতে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে ভারি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা কিছুটা বেড়ে ভ্যাপসা গরমের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার রাজধানীতে বৃষ্টিপাত হয়নি। দেশের মধ্যে সর্বোচ্চ ৩৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে। এর আগের দিন ঈদুল আজহার দিনেও ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা কম ছিল।

এদিকে কয়েক দিনের বিরতির পর আবারও অবনতির দিকে যাচ্ছে রাজধানীর বায়ুমান। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, শুক্রবার সকাল ৯টায় বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল সপ্তম। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১০৭, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এর আগে বৃহস্পতিবার ঢাকার একিউআই স্কোর ছিল ৭৭। বুধবার ছিল ৭৩ এবং মঙ্গলবার ছিল ৪৭। টানা দুই দিন বৃষ্টি না থাকায় বাতাসে দূষণের মাত্রা তুলনামূলক বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া বৃষ্টিপাত না থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় জমে থাকা বর্জ্য ও আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যা বায়ুদূষণ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad