সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং ভারত থেকে কথিত পুশইনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন এবং প্রতিবাদী স্লোগান দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নীতিমালা উপেক্ষা করে পশ্চিমবঙ্গ থেকে মুসলিম নাগরিকদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ গভীর উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নূরুল ইসলাম বুলবুল সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে দুই দেশের সরকারের মধ্যে সরাসরি আলোচনা এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সংযম প্রদর্শন করলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বারবার বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। পাশাপাশি ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের সরকারকে পারস্পরিক সম্মান ও আলোচনার ভিত্তিতে দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক