নাট্যাঙ্গনের গুণী অভিনেতা দিলু মজুমদার আর নেই
দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ ও অভিনয়শিল্পী সংঘের সদস্য অভিনেতা দিলু মজুমদার আর নেই। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ ও টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি লাভ করেন দিলু মজুমদার। অভিনয়ের প্রতি নিষ্ঠা, সাবলীল উপস্থাপনা ও চরিত্রাভিনয়ের দক্ষতায় তিনি নাট্যপ্রেমীদের কাছে বিশেষভাবে সমাদৃত ছিলেন।
বিশেষ করে নাট্যদল ‘আরণ্যক’-এর বিভিন্ন প্রযোজনায় তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়।
তার মৃত্যুতে দেশের নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স