ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-ইয়াবাসহ বগুড়ায় চারজন গ্রেপ্তার

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ০৫ জুন ২০২৬, ০৬:১২ বিকাল
  • ৬৮০৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, দেশীয় ধারালো অস্ত্র ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—কাহালু উপজেলার পুগইল গ্রামের ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের রাব্বী হাসান (২১) এবং একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের হালিম (২০)। পুলিশ জানিয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শুক্রবার সকালে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে জানা যায়, দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়িতে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে তিরিগাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জনের একটি দল পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি চায়নিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্চ, দুটি গামছা এবং ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পালিয়ে যাওয়া অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad